মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক এ তথ্য জানান। সজিব হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের নুরুদ্দিনের ছেলে।
গত রোববার দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসা থেকে সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার চতুর্থ তলায় থাকতেন। এছাড়া সোনিয়া সিলেটের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতেন।
.png)
জানা যায়, হত্যাকাণ্ডের আগের রাতে সোনিয়াদের বাসায় রাত্রিযাপন করে তার মামাতো ভাই সজিব আহমদ। রোববার সকালে সোনিয়া পরিবারের সদস্যদের সঙ্গে নাস্তা করেন। এরপর পরিবারের অন্য সদস্যরা সোনিয়ার সৎ বাবা সেলিম মিয়াকে দেখতে হাসপাতালে চলে যান। এর কিছুক্ষণ পর সজিবও বাসা থেকে বের হয়ে যান।
দুপুর ১২টার দিকে সাড়া শব্দ না পেয়ে সোনিয়ার ভাবি তাকে ডাকতে যান। রুমে ঢুকে তিনি সোনিয়ার গলাকাটা লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ লাশের পাশ থেকে কাপড় কাটার একটি রক্তমাখা কাঁচি জব্দ করে।
সোনিয়ার পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে সজিব জড়িত। ঘটনার পর থেকে সজিব গা ঢাকা দেওয়ায় সন্দেহ আরও দৃঢ় হয়। সোনিয়ার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণলঙ্কারও খোয়া গেছে বলে দাবি করছেন পরিবারের সদস্যরা।