ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধরা থেকে আর বাঁচতে পারলেন না ‘বাচুইন্ন্যা’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০২৩
ধরা থেকে আর বাঁচতে পারলেন না ‘বাচুইন্ন্যা’
গ্রেফতার বাছনী ওরফে বাচুইন্ন্যা

চট্টগ্রামের রাউজানে অপহরণ ও হত্যা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক বাছনী ওরফে বাচুইন্ন্যাকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। 

এর আগে, সোমবার বিকেলে উপজেলার নোয়াপাড়া চৌধুরীর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাছনী রাউজান উপজেলার সামিদার কেয়াং এলাকার জেবর মুল্লুকের ছেলে।

র‍্যাব জানায়, ২০০৩ সালের ৫ অক্টোবর বিকেলে ফুফাতো বোনের বাড়িতে বেড়াতে যান নাসের আহমেদ রানা। বেড়ানো শেষে বাড়ি ফিরতে একইদিন সন্ধ্যায় বোন জামাইয়ের সঙ্গে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন রানা। ঐ সময় বাছনী ও তার কয়েকজন সহযোগী মিলে অস্ত্রের মুখে দুজনকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যান। পরে রানার লাশ পাওয়া যায়। ঐ ঘটনায় ৬ অক্টোবর রাউজান থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন বাছনী। এরমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

Advertisement

এর আগে, ১৯৯৭ সালের ৩০ ডিসেম্বর পুলিশ ধাওয়া করছে জানিয়ে কৌশলে নাসের আহমেদ রানার ঘরে আশ্রয় নেন বাছনী। ঐ সময়ও সহযোগীদের নিয়ে রানাকে অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা করেন তিনি। পরে রানার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। ঐ ঘটনায় রাউজান থানায় অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করেন রানা। সেই মামলায় ২০১১ সালের ১২ অক্টোবর বাছনীকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আসামি বাছনী পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, অপহরণ ও হত্যা মামলার পলাতক আসামি বাছনী ওরফে বাচুইন্ন্যাকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‍্যাব। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে রাউজান উপজেলার নোয়াপাড়া চৌধুরীর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে কৌশলে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বাছনী। গ্রেফতারের সময় তার কাছ থেকে পাসপোর্ট ও বিমানের টিকিট উদ্ধার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা আরো বলেন, বাছনীর বিরুদ্ধে রাউজান ও নগরের পাচঁলাইশ থানায় হত্যা, অপহরণ, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!