শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কাভার্ডভ্যানের চালক ফরিদ মিয়া ও তার সহকারী নূর হোসেন।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গ্রেফতার দুজনের কাছ থেকে এক লাখ ৬০ হাজার ইয়াবা, একটি রিভলবার ও ৪০টি কার্তুজ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা বিশেষ কৌশলে কক্সবাজার থেকে মাদক ও অস্ত্র পাচার করে আসছেন বলে জানান। চালকের আসনের নিচে লুকানো ছিল ইয়াবাগুলো। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা গাড়ির সামনে জরুরি বিশুদ্ধ পানি সরবরাহের কাজে নিয়োজিত ব্যানার ঝুলিয়ে রাখতেন।
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও ইয়াবাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে ঢাকায় সরবরাহের কথা ছিল। এ বিষয়ে তাদের আরো জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।