ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
চাঁদপুরে শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের কচুয়ায় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. হেঞ্জু মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই রায় দেন।

যাবজ্জীবন প্রাপ্ত আসামি হেঞ্জু মিয়া উপজেলার করাইয়া পূর্ব পাড়ার মৃত মনু মিয়ার ছেলে।

Advertisement

জানা গেছে, ২০১৭ সালের ১৮ এপ্রিল বিকেল ৪টার দিকে একই উপজেলার লতিফপুর গ্রামের এক ব্যক্তির ৮ বছর বয়সী শিশু কন্যা এবং ছয় বছরের ছেলে তাদের পার্শ্ববর্তী বোনের বাড়িতে যাওয়ার সময় ছোট ভাইয়ের পায়ের সেন্ডেল ছিঁড়ে যায়। এ সময় আসামি হেঞ্জু মিয়া তার সেন্ডেল ঠিক করে দেবে বলে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে ভাইকে বসিয়ে রেখে বোনকে ধর্ষণ করে রক্তাক্ত করে। ওই সময় উভয় শিশু চিৎকার দিলে আশপাশের লোকজন এসে হেঞ্জু মিয়াকে আটক করে এবং মারধর করে পুলিশকে খবর দেয়। পরে কচুয়া থানার পুলিশ এসে রক্তাক্ত শিশুকে  উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং আটক হেঞ্জু মিয়াকে থানায় নিয়ে যায়। ধর্ষণের শিকার শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াজেদ আলী ঘটনাটি তদন্ত করে ওই বছর ২৮ মে আদালতে চার্জশিট দাখিল করে।

সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবু জানান, মামলাটি গত ৫ বছর চলাকালীন সময়ে আদালত ১২ জনের সাক্ষী গ্রহণ করেন এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে আসামির উপস্থিতিতে বিচারক এই রায় প্রদান করেন।

সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন অ্যাডভোকেট খোরশেদ আলম শাওন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবদুল কাদির।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!