জয়পুরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
জয়পুরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা মামলায় স্বামী জুয়েল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে তাকে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন।
জানা গেছে, ২০০৭ সালের ২৩ জুলাই রাতে উপজেলার রসুলপুর গ্রামের দাহারপুকুর আদর্শ (গুচ্ছুগ্রাম) জুয়েল হোসেনের স্ত্রী লাইলী বেগমকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করা হয়। সেই সময় ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন লাইলী বেগম। এ ঘটনায় পরের দিন নিহতের বড় বোন রাবেয়া খাতুন বাদী হয়ে ভগ্নিপতি জুয়েল হোসেন, তার বাবা আব্দুল জলিল ও মা লিলি বেগমসহ তিনজনের নামে সংশ্লিষ্ট থানায় মামলা করেন
.png)
ওই বছরে ৩১ অক্টোবরে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন এসআই মতিয়ার রহমান তদন্ত শেষে তিনজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ জুয়েল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। সেই সাথে নিহতের শ্বশুর ও শাশুড়িকে খালাস দেওয়া হয় মামলা থেকে।
এই মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি ও উদয় সিংহ এপিপি।