বাইকে ঘুরছিলেন নবদম্পতি, পথেই প্রাণ গেল স্বামীর
চুয়াডাঙ্গায় নববধূকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে শামিম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নববধূ সোনিয়া ও তার ভাবি শেফালী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদরের দর্শনা-হিজলগাড়ি সড়কের কৃষি খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামিম সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মৃত শফির ছেলে।
জানা যায়, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) শামিমের বিয়ে হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও শ্যালকের স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন শামিম। পথে দর্শনা-হিজলগাড়ি সড়কের কৃষি খামারের কাছে পৌঁছলে সামনে একটি কুকুর চলে আসে। এ সময় শামিম ব্রেক করলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে শামিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, এক দম্পতি ঘোরাঘুরির সময় কুকুর বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।