ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রকে বেধড়ক মারধর, শিক্ষক কারাগারে

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ৪ মার্চ ২০২৩
ছাত্রকে বেধড়ক মারধর, শিক্ষক কারাগারে
সোনাগাজী মডেল থানা- ফাইল ফটো

ফেনীর সোনাগাজীতে এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগে মাদরাসাশিক্ষক নুর উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিনকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার সন্ধ্যায় ঐ ছাত্রের মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিনকে আসামি করে ফেনীর সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে সোনাগাজী পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নুর উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের চর খোয়াজ এলাকার নুরুল আফসারের ছেলে।

গত বুধবার রাতে ফেনীর সোনাগাজী পৌর এলাকার তাকিয়া সড়কের তালিমুল কোরআন মাদরাসা অ্যান্ড জেনারেল এডুকেশন ইসলামিক ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে।

Advertisement

ভুক্তভোগী ছাত্রের মা জানান, তার স্বামী বিদেশে থাকেন। বাড়ি থেকে মাদরাসা দূরে হওয়ায় তার ছেলে মাদরাসার ছাত্রাবাসে থাকতো। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার দুই সহপাঠী শিক্ষককে না বলে ছাত্রাবাস থেকে বের হয়ে বাজারে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় রাত ১০টার দিকে সে তাদের খুঁজতে বের হয়। পরে তারা তিনজন ছাত্রাবাসে ফিরে আসে। এরপর শিক্ষক নুর উদ্দিন বৈদ্যুতিক তার দিয়ে ভুক্তভোগীকে বেধড়ক পিটিয়ে জখম করেন। এতে সে অসুস্থ হয়ে পড়ে।

পরদিন বৃহস্পতিবার সে বাড়িতে ফিরে বিষয়টি মাকে জানায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখায়। তাৎক্ষণিকভাবে তার মা ছেলেকে নিয়ে মাদরাসায় গিয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকের বিষয়টি জানিয়ে প্রতিকার চান। কিন্তু কোনো প্রতিকার পাননি। পরে তিনি ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। শুক্রবার রাতে থানায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আসামি করে মামলা করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দাইয়ান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!