ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় দু’যুবককে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৩, ৩০ মার্চ ২০২৩
চুয়াডাঙ্গায় দু’যুবককে কুপিয়ে জখম
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অদূরে পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবককে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের ডিজিটাল মোড়ের সন্নিকটে ফুড গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার লাভলুর ছেলে দিপু ও পলাশপাড়ার কামরুজ্জামান টুটুলের ছেলে সাবিব জামান। সাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা ইবনে সিনা হাসপাতালে রেফার্ড করেন।

Advertisement

আহতরা বলেন, গালিগালাজ করাকে কেন্দ্র করে শহরের সদর ফুড গোডাউন সংলগ্ন সিহাবের বাড়িতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সাবিব জামান ও দিপু সিহাবের বাড়িতে যায়। সেখানে পৌঁছা মাত্রই ঈদগাহ পাড়ার লেবু, সৌরভ, সিহাবসহ আরো ৫-৬ জন হামলা চালায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই তাদের কাছে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, দু’জনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। সাবিবের হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ইবনে সিনা হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দিপুকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান কাজল জানান, সংবাদ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!