ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু, ঠিকাদার-প্রকৌশলী গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ৩১ মার্চ ২০২৩
বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু, ঠিকাদার-প্রকৌশলী গ্রেফতার
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে স্টার নেট কোম্পানির নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদার ও প্রকৌশলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে নিহত শ্রমিক মনোয়ার হোসেনের ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম।

মামলার অভিযুক্তরা হলেন, স্টার নেট কারখানার মালিক চট্টগ্রামের পাঁচলাইশ থানার মেহেদিবাগ এলাকার বাসিন্দা আরশাদ আলী (৬০), কারখানার ঠিকাদার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাবানী বাজার গ্রামের ইব্রাহিম খান (৬০) ও কারখানার প্রকৌশলী নওগাঁ জেলার পোরশা থানার কুলাডাঙ্গা গ্রামের রাব্বানী (২৮)।

Advertisement

ওসি বলেন, ৩ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনার নিহত এক শ্রমিকের ভাই বাদী হয়ে দায়িত্ব অবহেলার অভিযোগে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ মার্চ) গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ওই বহুতল ভবনে লোহার রড তোলার সময় বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকেরা হলেন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস (২০) একই উপজেলার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার উত্তর সারমারা গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মনোয়ার হোসেন (২৫)।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!