বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ, মামলার প্রধান আসামি গ্রেফতার
বরগুনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এজাহারভুক্ত প্রধান আসামি মজিবুর রহমান খানকে যৌথ অভিযানে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৮ ও র্যাব-১০।
মঙ্গলবার দুপুরে বরিশাল ব্যাটালিয়ান সদর মিডিয়া হলরুমে র্যাব-৮ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহমুদুল হাসান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি মজিবুর রহমান খানকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়।
.png)
র্যাব জানায়, গত ২৯ মার্চ সকালে বরগুনার বেতাগী থানার ঝিলবুনিয়ার এলাকার বাসিন্দা মো. মকবুল হোসেন হাওলাদার ১৪ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে নিয়ে পৌরসভাস্থ বাজারের ব্রিজের দিকে যাচ্ছিলেন। ব্রিজে পৌঁছলে তার মেয়ে তাকে সেখানে রেখে রিকশা আনার কথা বলে গেলে আর ফিরে আসেন না। পরে তাকে অনেক খোঁজাখুজি করেন তার বাবা। পরে লোকজনের মাধ্যমে জানতে পারেন যে, বেতাগী থানার মজিবুর রহমান খান বিকেল ৫টার দিকে তার মেয়েকে ফুসলিয়ে নিজ বাস ভবনে নিয়ে যান।
গত ৩১ মার্চ রাতে স্থানীয় লোকজন ভিকটিমকে বেতাগী পৌরসভার হাওলাদার বাড়ির সামনে দেখতে পেয়ে ভিকটিমের বাবাকে জানান। তার মেয়ে জানায়, মজিবুর রহমান খান তাকে গত দুইদিন তার নিজ বাড়িতে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরবর্তীতে ভিকটিমের বাবা মো. মকবুল হোসেন হাওলাদার বেতাগী থানায় মো. মজিবুর রহমান খানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।