ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে গাছ ফেলে ট্রাকে ডাকাতি, ১০ লাখ টাকা লুট

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ১০ এপ্রিল ২০২৩
সড়কে গাছ ফেলে ট্রাকে ডাকাতি, ১০ লাখ টাকা লুট
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় গাছ সড়কে ফেলে ট্রাক আটকে গরু ব্যবসায়ীদের থেকে ১০ লাখ টাকা লুট করেছে একদল ডাকাত। উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের তারাইল-সদরপুর সড়কের চরদুয়াইড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে এলাকাবাসী ছুটে এলে ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্র দফেলে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকা থেকে ট্রাকযোগে ৬ গরু ব্যবসায়ী সোমবার ভোররাতে ভাঙ্গার তারাইল-সদরপুর সড়ক হয়ে গরু কেনার জন্য খুলনার উদ্দেশ্যে রওনা হন। এদের মধ্যে ছিলেন, মিরাজ মাতুব্বর, আলামীন, মমিন সর্দার, ফরিদ মুন্সি, ওমর শেখ ও আমিনুল নামে ৬ জন। পথিমধ্যে দুয়াইড় নামক এলাকার ফাঁকা জায়গায় পৌঁছানোর পর ২৫ থেকে ৩০ জনের সংঘবদ্ধ ডাকাত দল রাস্তার পাশের গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করে গরু ব্যবসায়ীদের ট্রাকটি থামান। এ সময় তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ট্রাকটির ওপর তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান। তাদের আঘাতে ট্রাকচালকসহ ৩ ব্যবসায়ী আহত হন। এরপরে তাদের কাছে থাকা গরু কেনার প্রায় ১০ লাখ টাকা লুট করেন।

Advertisement

এদিকে ডাকাত দলের হামলার শিকার গরু ব্যবসায়ীদের আর্তচিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে ঘোষণা দেয়। এ খবর শুনে স্থানীয়রা ছুটে আসলে ডাকাত দল বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ফেলে সর্বস্ব কেড়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রামদা, চাইনিজ কুড়াল, ছ্যান, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় উদ্ধারকৃত গাছ কাটার করাতে খোদাই করা রায়হান লেখা ছিলো। পুলিশ এরপর স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী রায়হানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ওই করাত কে নিয়েছিলো তা বেরিয়ে আসে। এরপর দুপুরে জুয়েল তালুকদার নামে একজনকে আটক করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন ভাঙ্গা থানার পুলিশ পরিদর্শক এসআই অমীয় মজুমদার। তিনি বলেন, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। তদন্তের পর জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে ওই এলাকা থেকে এ ঘটনায় সংশ্লিষ্ট জুয়েল তালুকদার নামে একজনকে আটক করা হয়। জড়িতদের অচিরেই আটক করা সম্ভব হবে বলেও জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!