ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে বাসে ডাকাতি, আহত ৭

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৫, ৪ এপ্রিল ২০২৩
টাঙ্গাইলে বাসে ডাকাতি, আহত ৭
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মধুপুরে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছে অন্তত সাত জন। 

সোমবার রাত দেড়টার দিকে উপজেলার রক্তিপাড়ার নরকোণা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন জামালপুর সদর উপজেলার মেষ্টা গ্রামের মসির উদ্দিনের ছেলে তারা মিয়া ও সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী কাকলি বেগম । বাকী পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরে গেছেন।

Advertisement

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জ যাচ্ছিলো। পথিমধ্যে গাজীপুরের চন্দ্র থেকে সাত/আট জনের ডাকাত দল যাত্রীবেশে গাড়িতে ওঠে। বাসটি মধুপুর উপজেলার দেওলাবাড়ি পার হলে ডাকাত দল বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় প্রতিবাদ করলে ডাকাত দল সাত যাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এক পর্যায়ে তারা মধুপুরের রক্তিপাড়ার উত্তর পাশে নরকোণা এলাকায় নেমে যায়।

মধুপুর থানার ওসি মাজহারুল আমিন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!