[ দেশজুড়ে ]
মাইকিং করে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন শরিফ
ফাইল ফটো
বৈশাখী মেলায় এসে ৪৩ হাজার ৫০০ টাকা কুড়িয়ে পান শরিফ মিয়া নামে এক তরুণ। ওই মেলায় টাকাটা হারিয়ে ফেলেন ফরহান মিয়া নামে আরেক তরুণ। এরপর শরিফ মাইকিং করে টাকার প্রকৃত মালিক ফরহান মিয়াকে খুঁজে বের করেন। বুধবার দুপুরে উপজেলার সদর ইউন পরিষদে তার হাতে টাকাটা বুঝিয়ে দেন শরিফ। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ফরহান মিয়া উপজেলা সদরে সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনের বৈশাখী মেলায় আসেন। সেখানে তিনি রাত সাড়ে ৮টা পর্যন্ত ছিলেন। ওই সময় তার পকেটে থাকা ৪৩ হাজার ৫০০ টাকা পড়ে যায়। ওই টাকা কুড়িয়ে পান উপজেলা সদরের দক্ষিণ আরিফাইল গ্রামের শরিফ। টাকাটা তিনি জমা রাখেন মেলার আয়োজক ইকবাল হোসেনের কাছে। এরপর ইকবাল ও শরিফ রাতে উপজেলা সদরসহ নানা স্থানে মাইকিং করেন। বুধবার দুপুরে উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাটা বুঝে পান ফরহান।
টাকার মালিক ফরহান জানান, মঙ্গলবার সন্ধ্যায় সরাইল বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সুদে ৫০ হাজার টাকা নেন তিনি। ওই টাকা থেকে কিছু খরচ করেন। বাকি টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। সারারাত তিনি ঘুমাতে পারেননি। টাকা ফেরত পেয়ে খুশি তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!