পুলিশ দেখে নদীতে ঝাঁপ, প্রাণ গেল যুবকের
বগুড়ার শেরপুর উপজেলায় ফুলজোর নদী থেকে মহরম আলী নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে ঐ উপজেলার চান্দাইকোনার বগুড়া বাজার ব্রিজ এলাকায় নদীর অংশে তার লাশ পাওয়া যায়। এর আগে, গত সোমবার রাত দেড়টার দিকে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন মহরম।
৪৫ বছরের মহরম উপজেলার সীমাবাড়ী ইউপির টাকাধুকুরিয়া গ্রামের মৃত তাহেজ আলী খানের ছেলে।
.png)
জানা গেছে, সোমবার রাতে পুলিশের একটি টিম প্রবেশ করে ঐ গ্রামে। এ সময় পুলিশ দেখে দৌঁড় দিয়ে বগুড়া বিজ্রের ওপরে যান মহরম। পরে সেই ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। এরপর থেকেই মহরম নিখোঁজ ছিলেন। মাদক আইনে করা এক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
মহরমের বোন শিউলি জাহান বলেন, মহরমের মৃত্যুর সঠিক কারণ জানি না। তবে ঐ রাতে আমার ভাইয়ের সঙ্গে তার দুজন বন্ধু ছিল। তারা বলেছেন আমার ভাই পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা বলেন, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।