পায়ুপথে মিলল ২০ সোনার বার, আটক ৩
যশোরে তিন বাংলাদেশির পায়ুপথ থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বারগুলোর ওজন ২ কেজি ৩২০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৭৪ লাখ টাকা।
সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে সোনার বারসহ পাসপোর্টধারী তিন যাত্রীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামের বাসিন্দা মো. হাবীব (৩৭), গোপালগঞ্জের মুকসেদপুর থানার লোহাচূরা গ্রামের মহিউদ্দিন (৩৬) ও একই এলাকার রনি আহমেদ (৪৪)।
.png)
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক শায়েখ আরেফীন জাহেদী বলেন, গোপন খবরে জানতে পারি, বাংলাদেশি তিন পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে নজরদারি বাড়ানো হয়। পরে সন্দেহভাজন ঐ তিনজন টার্মিনাল পেরিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা ২০টি সোনার বার আছে বলে স্বীকার করেন। বারগুলোর ওজন ২ কেজি ৩২০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৭৪ লাখ টাকা।
দুপুরে সোনার বারগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান আরেফিন জাহেদী।