ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ পণ্য, জরিমানা আদায়
দোকানে ও ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রি করাসহ অন্যান্য অপরাধে দুটি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড় ও বাগোয়ান এলাকায় এই অভিযান চালান। এ সময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম ও মুজিবনগর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে সহযোগীতা করেন।
জানা যায়, বাগোয়ান মোড়ে মেসার্স সাহান স্টোরে ও ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রি করা, মোড়কীকরণ বিধি বহির্ভূত অননুমোদিত পণ্য বিক্রি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মিয়ারুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অপরদিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য নিয়ম বহির্ভূতভাবে দোকানে সাজিয়ে রেখে বিক্রি ও মোড়কীকরণ, বিধি বহির্ভূত পণ্য বিক্রি করাসহ অন্যান্য অপরাধে একই এলাকার মেসার্স আব্দুল্লাহ ফাস্টফুডের মালিক মো. আব্দুল্লাহ আল মামুনকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় দোকান দুটি থেকে উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ ও খারাপ পণ্যগুলো জনসম্মুখে পুড়ানো হয়। স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।