ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় বাবার সামনেই ছেলের প্রাণ নিল প্রতিপক্ষ 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ৭ জুন ২০২৩
বগুড়ায় বাবার সামনেই ছেলের প্রাণ নিল প্রতিপক্ষ 
বগুড়া জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শক্রতার জেরে প্রতিবেশির ছুরিকাঘাতে আকুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ছেলেকে মারধরের কবল থেকে বাঁচাতে গিয়ে আকুলের বাবাও আহত হন।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধববার সকালে মোনেজ নামে এক যুবককে আটক করা হয়। মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নিহতের মা আম্বিয়া খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় মোনেজসহ চারজনকে আসামি করা হয়।

এর আগে, মঙ্গলবার রাত আটটার দিকে ঐ উপজেলার মথুরাপুর ইউপির শিমুলকান্দি গ্রামে হত্যাকাণ্ড ঘটে।

Advertisement

নিহত আকুল একই গ্রামের মোয়াজ্জের হোসেনের ছেলে। মোয়াজ্জেরকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এসব তথ্য নিশ্চিত করেন ধুনট থানার ওসি মো. রবিউল ইসলাম।

জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার রাতে শিমুলকান্দি গ্রামের বাসিন্দা মোনেজ নামে এক যুবকের সঙ্গে আকুলের বাকবিতণ্ডা শুরু হয়। ঐ সময় মোনেজসহ তার সহযোগীরা আকুলকে মারধর করতে থাকেন। এরই এক পর্যায়ে আকুলকে ছুরিকাঘাত করা হয়। তখন আকুলের বাবা ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়েছে।

ওসি রবিউল ইসলাম বলেন, হত্যার ঘটনায় মোনেজ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!