বরিশালে ভোটের মাঠে হঠাৎ বৃষ্টির বাধা
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও দুপুরের পর হঠাৎ বৃষ্টি বাধার মুখে পড়ে।
সোমবার দুপুরের দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার পরপরই বৃষ্টি শুরু হলে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কমে যায়। এ সময় কিছু কেন্দ্রে ভোটার থাকলে তারা লাইন ছেড়ে নিরাপদ স্থানে গিয়ে দাঁড়ান।
নগরীর ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা জানান, সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবাই উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেন। কিন্তু বৃষ্টির পরপরই কেন্দ্রগুলো ভোটারশূন্য হয়ে পড়ে।
.png)
এদিকে, বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কমবে বলে জানান সিটি কর্পোরেশনের সহকারী রিটার্নিং অফিসার ও মিডিয়া সমন্বয়ক মো. মনিরুজ্জামান।
বরিশাল সিটি নির্বাচনে সাতজন মেয়র, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিলে মোট ১৬৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটির ৩০টি ওয়ার্ডে ১২৬টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ ও নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯।