ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার তারা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৩, ২২ জুন ২০২৩
মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার তারা
ছবি: ডেইলি বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ মামলায় মো. মোখলেছুর রহমান তারাকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ঐ দিন সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ নগরীর ধোপাখলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. মোখলেছুর রহমান তারা শেরপুরের নকলা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

Advertisement

ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, মুক্তিযুদ্ধের সময় শেরপুরের নকলা উপজেলার নকলা হাইস্কুল মাঠে পাকিস্তানের হানাদার বাহিনী মোখলেছুর রহমান তারাসহ কয়েকজন রাজাকারের সহযোগিতায় ক্যাম্প স্থাপন করে। তার নেতৃত্বে রাজাকাররা নকলা গ্রামের সাধারণ মানুষদের ধরে ক্যাম্পে আনতো। নিরীহ গ্রামবাসীদের ক্যাম্পে নির্যাতন ও হত্যা করা হতো। ১৯৭১ সালের ২১ জুলাই রাতে নকলা থানার বিবির চর গ্রাম থেকে সোহরাব উদ্দিনসহ তার শ্যালক কুদ্দুস এবং কুদ্দুসের চাচাতো ভাই মোবারক আলীকে তুলে নিয়ে হত্যা করা হয়। সে সময় তাদের বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া মুক্তিযুদ্ধের সংগঠক মো. শাহজাহান আলী সজুকে পাকিস্তানের হানাদার বাহিনীর টর্চার সেলে নির্যাতন করা হয়।

ওই সময়ের ঘটনায় ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলা হয়। মামলায় মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় মো. মোখলেছুর রহমান তারার বিরুদ্ধে। মামলায় ওই বছরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

তিনি বলেন, মোখলেছুর রহমান তারা মামলার তদন্ত শুরু হলে এলাকা থেকে পালিয়ে যান। গ্রেফতার এড়াতে তিনি ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। তাকে গ্রেফতার করে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!