নারায়ণগঞ্জে অটোচালক হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মামুন মিয়া নামে এক অটোরিকশা চালক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি ধারায় দুইজনের সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- জেলার বন্দরের শ্রী রামপুরের মো. গাফফার এবং সোনারগাঁয়ের উত্তর পাড়ার মাসুদ রানা। তবে রায় ঘোষণার সময় দুজনই পলাতক ছিলেন। এছাড়া মামলা থেকে খালাস দেওয়া হয়েছে বন্দরের সজীব মোল্লার নামে আরেক জনকে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাকসুদা আহমেদ জানান, ১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।
.png)
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১২ সালের ৮ জুলাই বিকেলে অটোরিকশা নিয়ে বের হন মামুন মিয়া। রাতে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে খবর আসে তাকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ দিতে হবে তিন লাখ টাকা। পরে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামুন মিয়ার মা সুফিয়া বেগম হত্যা মামলা করলে পুলিশ তিনজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মামুনকে হত্যার ঘটনা।