প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন
চাঁদপুরের ফরিদগঞ্জে এক কিশোরী প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায় আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম চরদুখিয়া গ্রামের দাই বাড়ির সুলতান আলী বেপারীর ছেলে। ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী একই এলাকার বাসিন্দা।
.png)
জানা গেছে, ২০২১ সালের ১৭ আগস্ট দুপুর একটার দিকে কিশোরীকে পেয়ারার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কিশোরীর মা আকার ইঙ্গিতে বুঝতে পারেন। এর আগেও অভিযুক্ত ব্যক্তি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। লোক লজ্জার ভয়ে কিশোরীর মা কাউকে কিছু বলতে পারেননি। সর্বশেষ ঘটনায় কিশোরী খুবই অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
২০ আগস্ট কিশোরীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
ফরিদগঞ্জ থানার তৎকালীন এসআই মো. নুরুল ইসলাম তদন্ত শেষে ২০২১ সালের ৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু জানান, মামলাটি দুই বছর চলাকালীন সময়ে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামি অপরাধী হওয়ায় তার উপস্থিতিতে বিচারক এ রায় দেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সেলিম আকবর।