রোববার রাতে পঞ্চগড় সদর উপজেলার বোর্ড বাজারে ও গভীর রাতে দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বোদাপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে আজহারুল ইসলাম ও দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের শিবের হাট গ্ৰামের রিপন কুমার রায়ের ছেলে সবুজ রায় শান্ত এবং দেবীডুবা ইউনিয়নের সুলতানাপুর গ্ৰামের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে দিপু রায় আপন। আহত অপর আরোহী লক্ষীরহাট ঘোষ পাড়া গ্ৰামের আমিন চন্দ্র রায়ের ছেলে অজিত চন্দ্র রায়।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় সদরের বোর্ড বাজারে একটি চলন্ত ইজিবাইকে ছিলেন আজহারুল। পঞ্চগড়গামী একটি ট্রাক ইজিবাইকের পেছন থেকে হর্ন দিলে ভয়ে রাস্তায় লাফিয়ে পড়েন তিনি। এতে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান আজহারুল।
এদিকে, একইদিন রাত দেড়টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নে একটি বিয়ের দাওয়াত খেয়ে এক মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলো সবুজ রায়, দিপু রায় ও অজিত রায়। লক্ষীরহাট বাজারের গ্রামীনফোন টাওয়ারের দিকে মোটরসাইকেলে মোড় ঘোরানোর সময় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি পাথরবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। রাস্তায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে সবুজ রায় ও দিপু রায়ের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় অজিত রায়কে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।
সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা ও দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম পৃথক স্থানে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।