মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিরা নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বিদ্যুৎ কুমার। এর আগে সোমবার রাত ১০টার দিকে সৈকতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- এনায়েত চৌধুরী ও আলী হাসান মারুফ। তারা চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
.png)
জানা যায়, সোমবার বিকেলে তিন বন্ধু বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যান। এ সময় তিনজনই সাঁতার কাটতে সমুদ্রে নামেন। একপর্যায়ে স্রোতের টানে সাগরে ভেসে যান মারুফ ও এনায়েত। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দুই শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করে। পরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফিরে যায় ফায়ার সার্ভিস।
এদিকে রাত ১০টার দিকে সৈকতে ভেসে আসা মরদেহ দুটি দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সদরঘাট নৌপুলিশের কুমিরা ফাঁড়ির সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করেন।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ চৌধুরী বলেন, সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় কাজে সমস্যা হচ্ছিল, তাই রাত সাড়ে ৮টার দিকে ফিরে আসি। পরে রাত ১০টার দিকে স্থানীয়রা মরদেহ দুটি সৈকতে ভেসে আসার খবর দেন।
কুমিরা নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বিদ্যুৎ কুমার জানান, রাতেই মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।