ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীর স্ত্রী ও ব্যবসায়ীকে জুতাপেটা, গ্রেফতার ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ১ আগস্ট ২০২৩
প্রবাসীর স্ত্রী ও ব্যবসায়ীকে জুতাপেটা, গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা গ্রামে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও ব্যবসায়ীকে জুতাপেটা করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গ্রাম্য মাতব্বররা। পরে তাদের জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। 

গত ২৯ জুলাই শনিবার এ ঘটনা ঘটে। সোমবার বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে সবার নজরে আসে।

সোমবার সন্ধ্যায় খাসকররা ইউপি চেয়ারম্যান, সাবেক ইউপি সদস্যসহ ৫ জন ও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী লালন হোসেন। ওই মামলায় গ্রাম্য মাতব্বরসহ তিনজনকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

গ্রেফতারকৃত আসামিরা হলেন খাসকররা গ্রামের শফি মল্লিক, হাসান আলী, কলম জোয়ারদার। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, উপজেলার খাসকররা ইউপির তিয়রবিলা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ী যুবক লালনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে খাসকররা ইউপির তিয়রবিলা গ্রামে ওই গৃহবধূর বাড়ির সন্নিকটে সালিশ বৈঠক ডাকেন ইউপি চেয়ারম্যান। অভিযুক্ত লালন সালিশে আসতে না চাইলেও জোরপূর্বক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়। ২ শতাধিক সাধারণ মানুষের উপস্থিতিতে বৈঠক হয়। পরে সালিশে পরকীয়া গৃহবধূ ও লালনকে শারীরিক নির্যাতনের পর জুতার মালা পড়িয়ে এলাকা ঘুরায়। এছাড়াও দেড় লক্ষাধিক টাকা জরিমানা ও দুজনকে গ্রাম ছাড়তে নির্দেশ দেন খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহম্মেদ লাল। এ ঘটনায় সালিশকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস করেননি।

ভুক্তভোগী ব্যবসায়ী লালন বলেন, ইউপি চেয়ারম্যানের সঙ্গে পূর্ব বিরোধের জেরে ওরা আমাকে জোর করে বেঁধে গ্রামের সবার সামনে জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘুরিয়েছে। এখন আর বাঁচার ইচ্ছে নেই আমার। আমি এর বিচার চাই। সোমবার রাতেই থানায় মামলা করেছি।

খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহম্মেদ লালের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা ক‌রেও সম্ভব হয়নি। 

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ঘটনা শোনার পরই মামলা নিয়েছি। সোমবার রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তদন্ত সাপেক্ষে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এছাড়াও মূল হোতা ইউপি চেয়ারম্যানসহ অন্যরা পলাতক রয়েছেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!