জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। এরমধ্যে গত একমাসেই আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে নারী-পুরুষসহ শিশুরাও রয়েছে। শনাক্তকৃত রোগীদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ১০ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন শনাক্ত করা হয়। তারা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ৩৯৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়।
ডেঙ্গু ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স মোহসিনা আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন ১২ জন ডেঙ্গু রোগী। বর্তমানে ওয়ার্ডে ভর্তি আছেন ১৯ জন, যাদের মধ্যে ১১ জন পুরুষ, ২ জন নারী ও ৬ জন শিশু।
.png)
আরএমও আসিফ ইকবাল বলেন, আমরা এতদিন ডেঙ্গু রোগীদের সেবা দিতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের মধ্যে আলাদা একটি ডেঙ্গু কর্ণার করে চিকিৎসা চালিয়ে আসছিলাম। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আলাদা ওয়ার্ডের প্রয়োজন দেখা দিলে হাসপাতালে নতুন ভবনের ৫ম তলাকে ডেঙ্গু ওয়ার্ড হিসেবে প্রস্তুত করা হয়। ডেঙ্গু রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলাদা এ ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের সেবা প্রদানের সব ব্যবস্থা রাখা হয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে।
নতুন স্থাপিত ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা যায়, পরিপাটি ডেঙ্গু ওয়ার্ডে মশারি টাঙানো বেডে শুয়ে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগীরা।