তিনদিন সাগরে ভাসছে ট্রলার, মুঠোফোনে ১১ জেলের আহাজারি
বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন হিরন পয়েন্ট এলাকায় ইঞ্জিন বিকল হয়ে এফবি জুবায়দুল হক নামের একটি মাছ ধরা ট্রলার তিনদিন ধরে ১১ জেলেসহ সাগরে ভাসছে। জেলেরা মুঠোফোনে তাদেরকে উদ্ধারের জন্য আহাজারি করছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে সাগরের উদ্দেশে ছেড়ে যায় ট্রলারটি।
ভাসমান ট্রলারের মালিক আবুল কালাম এবং জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
.png)
ট্রলার মালিক আবুল কালামের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ২৯ জুলাই পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারের জন্য রওনা দেয় ট্রলারটি। এরপর গত মঙ্গলবার নিম্নচাপের জন্য সাগর উত্তাল থাকায় নদীর পানি ইঞ্জিন রুমের মধ্যে ঢুকে ট্রলারের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে ট্রলার মালিক আবুল কালামকে জেলেরা মুঠোফোনে তাদেরকে উদ্ধারের জন্য আহাজারি করেন।
কোস্টগার্ডের পশ্চিম জোন দুবলার চর কন্টিজেন কমান্ডার এমএ ছাত্তার সিপিও মুঠোফোনে বলেন, এরকম খবর এর আগে পাইনি। তবে খোঁজ খবর নিচ্ছি, আমাদের টহল টিমকে জানাচ্ছি তারা উদ্ধার কাজ শুরু করবেন।