ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনের ডাবের কদর জেলায় জেলায়

হাসান পিন্টু, লালমোহন (ভোলা)
প্রকাশিত: ১৮:০৬, ৬ আগস্ট ২০২৩
লালমোহনের ডাবের কদর জেলায় জেলায়
বিভিন্ন জেলাতে পাঠানোর জন্য লালমোহনের একটি আড়তে সংগ্রহ করা ডাব- ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনের ডাবের কদর রয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাতে। প্রতিদিন এ উপজেলার ডাব যাচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও জয়পুরহাটসহ দেশের বেশ কয়েকটি জেলায়। টাকার হিসেবে প্রতিদিন প্রায় ১৫ লাখ টাকার ডাব পাঠানো হচ্ছে এসব স্থানে।

জানা যায়, দেশের বিভিন্ন জেলাতে পাঠানোর জন্য লালমোহনে অন্তত ১০টি আড়তে ডাব সংগ্রহ করা হয়। এসব আড়তের আড়াইশ’র মতো হকার উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জের বাড়ি বাড়ি গিয়ে মালিকদের কাছ থেকে ডাব সংগ্রহ করেন। পরে তাদের সংগ্রহ করা ডাব নিয়ে বিক্রি করেন আড়তদারদের কাছে।

ডাব সংগ্রহকারী হকার মো. আবুল কালাম ও আব্দুস শহিদ বলেন, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে মালিকদের কাছ থেকে ডাব কিনি। তাদের থেকে প্রতি পিস ডাব গড়ে ৬০ টাকা দামে কেনা হয়। সংগ্রহ করা সেসব ডাব আড়তদারদের কাছে নিয়ে আবার গড়ে প্রতি পিস ৮০ টাকা করে বিক্রি করি। এতে করে ভালো আয় হচ্ছে।

Advertisement

বিভিন্ন জেলাতে পাঠানোর জন্য লালমোহনের একটি আড়তে সংগ্রহ করা ডাব- ছবি: ডেইলি বাংলাদেশ

লালমোহন পৌরশহরের লঞ্চঘাট সড়কের আড়তদার মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার প্রায় ১০টি আড়তের হকাররা বাড়ি বাড়ি গিয়ে এসব ডাব সংগ্রহ করেন। তার আড়তেরও দেড়শত হকার নিয়মিত ডাব সংগ্রহ করছেন। হকাররা মালিকদের কাছ থেকে প্রতি পিস ডাব ৬০ টাকা দরে কিনে আনেন। আড়তে আনার পর হকারদের প্রতি পিস ডাবের মূল্য দেওয়া হয় ৮০ টাকা করে।

আড়তদার রফিকুল ইসলাম আরো জানান, বছরের চার মাস বাজারে ডাবের ব্যাপক চাহিদা থাকে। তখন দামও ভালো পাওয়া যায়। বর্তমানে আমার আড়ত থেকে প্রতিদিন প্রায় সাড়ে তিন লাখ টাকার ডাব ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পাঠাচ্ছি। সব খরচ বাদে প্রতি পিস ডাবে গড়ে প্রায় পাঁচ টাকার মতো লাভ হচ্ছে। যাতে করে মাস শেষে মোটামুটি ভালো টাকা আয় হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন বলেন, বাজারে ডাবের ব্যাপক চাহিদা রয়েছে। ডাব উৎপাদনে খরচ ও পরিশ্রম অনেক কম। আবার ডাব বিক্রি করে কৃষকরাও ভালো টাকা পাচ্ছেন। লালমোহনের ডাবে তেমন ক্ষতিকর কীটনাশক প্রয়োগ না করায় বিভিন্ন জেলাতে এখানকার ডাবের ব্যাপক চাহিদা। এছাড়া এ ডাব বিক্রির টাকায় লালমোহনের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। কর্মসংস্থানও হচ্ছে অনেকের।

 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!