এ বিষয়ে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নগরের অনেক এলাকায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। পানিবন্দি ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষদের সরিয়ে নিতে কার্যক্রম চলমান আছে।
সোমবার দুপুরে পশ্চিম বাকলিয়ার ৩০০ পরিবারে শুকনো খাবার পৌঁছে দেন কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম। পূর্ব ষোলশহরের বাড়ইপাড়া এলাকার পানিবন্দি দুই হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করেন কাউন্সিলর এম আশরাফুল আলম। মোহরা ওয়ার্ডের তিন হাজার মানুষের মাঝে খাবার পৌঁছে দেন কাউন্সিলর কাজী নুরুল আমিন।
.png)
এছাড়া সরাইপাড়ার কাউন্সিলর মো. নুরুল আমিন ৩০০ পরিবারের মাঝে চাল, ডিমসহ রান্নার বিভিন্ন উপকরণ তুলে দেন। ২০০ পরিবারে শুকনো খাবার বিতরণ করেন দক্ষিণ আগ্রাবাদের কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী। ৫০০ পরিবারে খাবার পৌঁছে দেন চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নূর মোস্তফা টিনু। একইভাবে চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. এসরারুল হক এক হাজার মানুষকে শুকনো খাবার ও ৫০০ মানুষকে রান্না করা খাবার বিতরণ করেন। এর আগেও শনিবার আট হাজার ও রোববার ছয় হাজার পানিবন্দি মানুষের কাছে খাবার পৌঁছে দেন তিনি।