তিনদিন সাগরে ভাসতে থাকা ১৪ জেলে উদ্ধার
চট্টগ্রামে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে ভাসতে থাকা একটি ট্রলারের ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা আব্দুর রহমান।
জানা গেছে, গত ৭ আগস্ট এফভি ইমন নামে ট্রলারটি নিয়ে বরিশাল থেকে মাছ ধরতে সমুদ্রে যান ১৪ জেলে। ১১ আগস্ট ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। পরে ১৩ আগস্ট বিকেলে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বোটে থাকা জেলেরা কোস্টগার্ড পূর্ব জোনের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সঠিক অবস্থান জানাতে পারেননি তারা। ঐদিন সন্ধ্যা ৬টা থেকে টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে সাঙ্গু গ্যাস ফিল্ডের আনুমানিক আট নটিক্যাল মাইল উত্তর-উত্তর পশ্চিম থেকে তাদের উদ্ধার করা হয়।
.png)
কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা আব্দুর রহমান বলেন, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। পরে তাদের পতেঙ্গায় আনা হয়। এরপর বোটের মালিকের সঙ্গে যোগাযোগ করে মালিকপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়।