গত ২১ আগস্ট থেকে ‘স্কুট লিমিটেডের ব্যাটারিচালিত ৮টি স্কুটি নিয়ে যাত্রা শুরু হয়েছে। স্কুটিগুলো ঘণ্টা চুক্তিতে ভাড়া নেয়ার জন্য যাত্রীদের প্রথমেই নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এজন্য খরচ করতে হবে ২০ টাকা। আর প্রাথমিকভাবে প্রতি ঘণ্টায় এ স্কুটি চালানোর ভাড়া নির্ধারণ করা হয়েছে মিনিটে ২ টাকা। ঘণ্টায় ১২০ টাকা।
নগরীর ভদ্রা স্মৃতি অম্লান চত্বরে একটি মাত্র বাইক শেয়ারিং সার্ভিস পয়েন্ট চালু হয়েছে। তবে নতুন এ স্কুটি সার্ভিসটি ভালো সাড়া পেলে রাজশাহী শহরের আরো বেশ কয়েকটি পয়েন্টে স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
.png)
স্কুটিটি রেজিস্ট্রেশনের মাধ্যমে ভাড়া নিতে হবে। ভাড়া নেয়ার পর থেকে এর যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার শিকার হলে তার দায়দায়িত্ব ভাড়া নেয়া সেবাগ্রহীতার ওপরেই বর্তাবে। এছাড়া কোনো কারণে স্কুটিটি ভাড়া নেয়ার পর হারিয়ে গেলে বা চুরি হলে তার ক্ষতিপূরণও সংশ্লিষ্ট সেবাগ্রহীতাকে দিতে হবে মর্মে এটি বর্তমানে ভাড়া নেয়া যাচ্ছে।
পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সার্ভিসে বাইক কেউ চালিয়ে গন্তব্যে নিয়ে যাবে না। বাইক ভাড়া নিয়ে নিজেকেই চালিয়ে বেড়াতে হবে। পেছনে নেয়া যাবে একজন সহযাত্রীকেও।
রাজশাহী শহরে প্রথমবারের মতো এমন বাইক শেয়ারিং সার্ভিস চালু হাওয়ায় খুশি নগরবাসী। তারা বলছেন, সাধারণ মানুষের যাতায়াতের ভালো মাধ্যম হতে পারে এ স্কুটি। তবে এই সার্ভিসও কিছুটা ব্যয় বহুল। ঘণ্টায় ১২০ টাকা গুনতে হচ্ছে। এই রেটটা একটু কমানো উচিত।
ফয়সাল রহমান নামে এক সেবাগ্রহীতা বলেন, শহর এলাকায় রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা ছাড়া অন্য কোনো যানবাহন নেই। সেই হিসেবে এ স্কুটি সার্ভিস আমাদের জন্য সহায়ক যানবাহন হতে পারে। তবে এর ভাড়া ঘণ্টা প্রতি আরেকটু কমানোর দাবি জানান এই সেবাগ্রহীতা।
‘রাজশাহী স্কুট লিমিটেড’ নামে এ প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন আব্দুল্লাহ আল নোমান। তিনি জানান, মাত্র দুইদিন হলো এ নতুন সার্ভিস চালু হয়েছে। প্রথম দিন থেকেই শহরের সাধারণ মানুষের মধ্যে এ স্কুটি শেয়ারিং সার্ভিস নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। স্কুটিগুলো প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ কিলোমিটার গতিতে ছুটতে পারে। আর এক চার্জে চলবে ৭০ কিলোমিটার পর্যন্ত।
তিনি আরো জানান, পরীক্ষামূলকভাবে মাসব্যাপী চলবে এ বাইক শেয়ারিং সার্ভিস। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগ্রহীরা এখান থেকে ভাড়ায় স্কুটি নিতে পারবেন।