রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নিহার রিছিল শেরপুরের নলিতাবাড়ী উপজেলার মায়াখাসী গ্রামের খরিপ সাংমার ছেলে। তিনি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিসে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, মামলাটির বিচার প্রক্রিয়ায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এতে একমাত্র আসামি নিহার রিছিলের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় নিহার রিছিল আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।
.png)
মামলার নথি থেকে জানা যায়, একই প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা ভুক্তভোগী এস এম মঈন উদ্দিন ওরফে তন্ময়ের সঙ্গে মনোমালিন্য ছিল নিহার রিছিলের। এর জেরে ২০২২ সালের ৩১ জানুয়ারি খুলশী থানার লালখান বাজার এলাকায় প্রতিষ্ঠানের মেসে ছুরিকাঘাতে তন্ময়কে হত্যা করেন নিহার রিছিল। ঐ ঘটনায় পরের দিন খুলশী থানায় মামলা করেন নিহতের ভাই। মামলাটির তদন্ত শেষে একই বছরের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ৩ জুলাই সেটি গ্রহণ করেন আদালত। এরপর ১১ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত।