ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৯, ২০ সেপ্টেম্বর ২০২৩
সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে সেপটিক ট্যাংকে নেমে শাহীন এবং মাহবুব নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মহসিন নামে আরো একজন আহত হয়েছেন। 

বুধবার বিকেলে কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- কুড়িগ্রামের বদরগঞ্জের মুস্তাকপুর এলাকার রশিদ মিয়ার ছেলে শাহীন এবং একই জেলার রাজারহাটের নাজিম খাঁ এলাকার মাহবুব। এছাড়া আহত মহসিন কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকার মুনার বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়রা জানান, শাহীন ও মাহবুব সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন। এ সময় সেপটিক ট্যাংকের ভেতরে গ্যাসের রাসায়নিক ক্রিয়ায় শাহিন ও মাহবুব শ্বাস বন্ধ হয়ে মারা যান। তাদের উদ্ধার করতে গিয়ে মহসিন আহত হন। স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এছাড়া খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করে।

Advertisement

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে শাহীন ও মাহবুবের লাশ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের বাঁশ-কাঠ খোলার কাজ করতে ভেতরে গিয়েছিলেন। এ সময় সেপটিক ট্যাংকের ভেতর জমে থাকা গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি মো. আকবর আলী খান জানান, মৃতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!