সেপটিক ট্যাংকে পড়ে বাবা-ছেলের মৃত্যু
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি গ্রামে সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাওলাদার বাড়িতে রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, উদয়কাঠি গ্রামের কামরুল ইসলাম হায়দার (৪৩) নিজ বাড়িতে নতুন নির্মিত সেপটিক ট্যাংকের উপরিভাগের সেন্টারিং খুলতে বালতি দিয়ে ভেতরে জমে থাকা পানি পরিষ্কার করছিলেন। এক পর্যায়ে তার হাতে থাকা বালতি ট্যাংকের ভেতরে পড়ে যায়। ওই বালতি তুলতে গিয়ে ট্যাংকের মধ্যে নেমে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ দৃশ্য দেখে ছেলেকে উদ্ধারের জন্য তার বৃদ্ধ বাবা আবুল কালাম হাওলাদার (৭০) সেপটিক ট্যাংকের ভেতরে নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা অচেতন অবস্থায় পিতা-পুত্রকে উদ্ধার করে পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
খবর পেয়ে স্বরূপকাঠি থানার ওসি জাফর আহম্মেদ তাদেরকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং বিষয়টি বানারীপাড়া থানার ওসিকে অবহিত করেন।
বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, অসাবধানতাবশত তারা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন। তারপরেও সরেজমিন তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করতে চাইলে বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বাবা-ছেলের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।