নাটোরে সিমা হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার
নাটোরের গুরুদাসপুরে গৃহবধূ সিমা হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- একই উপজেলার মশিন্দা বাহাদুরপাড়ার মৃত শওকত আলীর ছেলে ইউসুফ প্রাং এবং ইউসুফ আলীর ছেলে শিপন প্রাং। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার।
র্যাব-৫ জানায়, ১২ বছর আগে গুরুদাসপুর উপজেলার রানীগ্রাম ফকিরপাড়া গ্রামের আসাদ প্রাংয়ের মেয়ে সিমা খাতুনের সঙ্গে ইউসুফ আলীর ছেলে রতন আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন সিমার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক হলেও সিমার ওপর নির্যাতন বন্ধ হয়নি।
.png)
গত ২৮ সেপ্টেম্বর শ্বশুরবাড়ির লোকজন সিমাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসা শেষে সিমাকে বাড়িতে নিয়ে যান। এর কয়েক ঘণ্টা পরে আবারো তাকে হাসপাতালে নিয়ে আসলে তার শরীরে বিষের উপস্থিতি পাওয়া যায়। পরে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিমার মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের ভাই রুবেল আহমেদ বাদী হয়ে গৃহবধূর স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।