রাজবাড়ীতে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ, জরিমানা
রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত শহরের বড় বাজার ও চন্দনী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, রাজবাড়ী জেলা পুলিশ ও রাজবাড়ী চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রি।
এ সময় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ী শহরের কাদেরীয়া মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য বিক্রয় বা সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে চন্দনী বাজারের মেসার্স মোতালেব মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী শহরের বড় বাজার ও চন্দনী বাজারের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।