প্রেমিকার মন জয় করতে যুবকের ‘ভয়ংকর কাণ্ড’
আবিরুলের সঙ্গে ফেসবুকে পরিচয় ওই তরুণীর। এরপর ঘনিষ্ঠতা। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক আবিরুল। কিন্তু বিয়েতে রাজি নন প্রেমিকা। এরপর প্রেমিকার মন জয় করতে ‘ভয়ংকর কাণ্ড’ করেন প্রেমিক। মাথায় পিস্তল ঠেকিয়ে প্রেমিকার কাছে ভিডিওবার্তা পাঠিয়েছেন আবিরুল। ঘটনাটি ঘটেছে কক্সবাজারে।
এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ডিককুল এলাকা থেকে তাকে প্রেমিক আবিরুলকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে সেই পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. আবিরুল ইসলাম ওরফে আলম উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার মৃত আবুল কালামের ছেলে। তিনি দক্ষিণ ডিককুল জাফর আলমের জায়গায় শাহ মজিদিয়া এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
এক ভিডিওতে দেখা যায়, আবিরুল ইসলামের হাতে বিদেশি পিস্তল। এ পিস্তল থেকে বের করা হচ্ছে ম্যাগজিন। আর ম্যাগজিন থেকে বের করা হচ্ছে গুলি এবং আবারো ম্যাগজিনে গুলি ভরে তা পিস্তলে ঢুকানো হয়। যার ভিডিও নিজেই ধারণ করেন আবিরুল।
কক্সবাজার সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ফেসবুকের মাধ্যমে এক মেয়ের সঙ্গে পরিচয় হয় আবিরুল ইসলামের। এরপরও শুরু হয় কথাবার্তা। দুজনের মধ্যে বাড়ে ঘনিষ্ঠতা। এরপর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন আমিরুল। তবে প্রেমিকাটি রাজি না হলে সময়ে-অসময়ে বিরক্ত করতে থাকেন তিনি। এরপর যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিকা। এতে অভিমান করে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে একটি ভিডিও প্রেমিকাকে পাঠান আমিরুল।
তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে বিষয়টি নজরে আসে পুলিশের। আর তদন্ত করে প্রযুক্তির সাহায্যে বৃহস্পতিবার সকালে আটক করা হয় আবিরুল ইসলামকে। পরে তার দেখানো স্থান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।