যে কারণে লেকের পাড়ে সুশান্তকে জুতাপেটা করেন নারী
এক নারীকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে আসছিলেন সুশান্ত শীল নামে এক প্রতারক। পরে এ ঘটনায় সুশান্তকে শহরের লেকের পাড়ে জুতা পেটা করেন ওই নারী। শুক্রবার সন্ধ্যার দিকে মাদারীপুর পৌর শহরের শকুনি লেকপাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার এক নারীর ছেলেকে বিদেশ নেয়ার প্রলোভন দেখান সুশান্ত। পরে তিনি পাসপোর্ট করার কথা বলে টাকা নেন এবং পাসপোর্ট করার জন্য স্ট্যাম্পে সই লাগবে বলে ওই নারীর কাছ থেকে স্বাক্ষর নেন। এরপর সুশান্ত ভুয়া কাগজপত্র বানিয়ে ওই নারীকে বিয়ে করেছেন বলে দাবি করে দীর্ঘদিন যাবত ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা-পয়সা নিয়ে আসছিলেন। এমনকি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী নারী শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে লেকের পাড়ে সুশান্ত শীলকে ডেকে জুতাপেটা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
ওই নারী বলেন, প্রতারক সুশান্ত শীল প্রথমে নিজেকে মুসলমান দাবি করে নিজের নাম ফারুক খালাসী ও বাবার নাম ওয়াজেদ খালাসী বলে পরিচয় দেন। পরে জানা যায় তার নাম সুশান্ত শীল। পেশায় নরসুন্দর। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি শীলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত আমার সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
.png)
স্থানীয় আবির, অনিল মন্ডল, রাজিবসহ বেশ কয়েকজনে জানান, সুশান্ত বিভিন্ন সময় একাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। এর আগে তিনি নাম পরিবর্তন করে আরেক নারীর সঙ্গে এরকম কাজ করেছেন। এ প্রতারকের আমরা সঠিক বিচার চাই।
পথচারী স্বপন বলেন, আমি প্রতিদিন লেকপাড়ে ঘুরতে আসি। আজকে ঘুরতে এসে দেখলাম এক নারী যুবককে জুতা দিয়ে পেটাচ্ছে। বিষয়টি আমি জানার জন্য সেখানে গিয়ে শুনতে পাই ওই নারীর ছেলেকে বিদেশ নেয়ার কথা বলে স্ট্যাম্পে সই নেন। পরে তাকে স্ত্রী দাবি করে ধর্ষণের চেষ্টাসহ বিভিন্ন সময় অর্থ হাতিয়ে নেয়ার প্রতারণা করার চেষ্টা করেন। এ কারণে ওই নারী তাকে জুতাপেটা করছেন। এ রকম লোকের কঠিন শান্তি হওয়ার দরকার।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।