ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেনীতে মাশরুম প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র চালু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ২৬ অক্টোবর ২০২৩
ফেনীতে মাশরুম প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র চালু
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে এই প্রথম মাশরুম উৎপাদন, বিপণন ও প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কে পাহালিয়া এগ্রো পার্কে এই প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলার কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবু তৈয়ব জানান, ফেনীতে এটি প্রথম মাশরুম উৎপাদন বিপণন ও প্রশিক্ষণ কেন্দ্র। এখানে তিন জাতের মাশরুম উৎপাদিত হবে। গ্যানো ডারমা ৮০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে, মিল্কি মাশরুম ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে, ওয়েস্টার মাশরুম ৩৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হবে। 

ফেনী মাশরুম সেন্টারটি জেলার প্রথম উৎপাদন বিপণন ও প্রশিক্ষণ কেন্দ্র। এখানে পাঁচ হাজার স্পন আছে তা থেকে তিনবার উৎপাদন করা যাবে। ঢাকা থেকে টিস্যু এনে এ টিস্যু থেকে মাদার, মাদার থেকে স্পন। এখান থেকেই নতুন স্পন ল্যাবরেটরিতে আবার তৈরি হবে। এখানে সাভার মাশরুম কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী সানা উল্লাহ সার্বিক তত্ত্বাবধানে কাজ করবেন। সহকারী হিসেবে জাফর আহমদ তাকে সহায়তা করবেন।

কালিদহ ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তৈয়বের সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেন কে পাহালিয়া এগ্রোর পরিচালক ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন, কালিদহ ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম প্রমুখ।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!