ফরিদপুর হয়ে ঢাকার সঙ্গে সরাসরি রেল চলাচল শুরু
ফরিদপুরের সঙ্গে ঢাকার বাণিজ্যিক ভিত্তিতে রেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টায় খুলনা থেকে আসা আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর ছেড়ে যায়। ভোর ৫টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছে। এই ট্রেনটি বুধবার (১ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
এর মাধ্যমে ফরিদপুরের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি রেল যোগাযোগ চালু হলো।
ফরিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার তাকদির হোসেন জানান, খুলনা থেকে ২২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। ফরিদপুর স্টেশনে এসে পৌঁছায় রাত ২টা ৫৭ মিনিটে। পরে তিন মিনিটের যাত্রা বিরতি শেষে রাত ৩টার দিকে আবারো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
তিনি বলেন, খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রুট পরিবর্তন করে কুষ্টিয়ার পোড়াদাহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছেছে ভোর ৫টা ১০ মিনিটে।
জানা গেছে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকায় গেছে। সুন্দরবন এক্সপ্রেসে মোট আসন সংখ্যা ৮৬০টি। এরমধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি বার্থ ৪৮টি ও স্নিগ্ধা ৩২০টি। আর ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের আসন সংখ্যা হবে ৯০৮টি। এরমধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি সিট ৯৬টি ও স্নিগ্ধা ৩২০টি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে ফরিদপুরে ১০টা ৮ মিনিটে এসে পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটির। যাত্রা বিরতি শেষে ফরিদপুর থেকে ছেড়ে বিকেল ৩টা ৫০ মিনিটে আবারো খুলনায় গিয়ে পৌঁছাবে সুন্দরবন এক্সপ্রেস।