মহাসড়কে চিনিবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা
ফেনী শহরতলীর লালপোল এলাকায় গত বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চিনিবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ট্রাক মালিক চট্টগ্রামের বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকার উজ্জল বৈদ্য বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন।
পুলিশ ও ক্ষতিগ্রস্তদের সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের এস আলম চিনি কারখানা থেকে ট্রাকভর্তি চিনি নিয়ে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশ্যে রওনা হন গাড়িচালক আবদুস সামাদ। ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল সেতুর ওপর পৌঁছলে অবরোধ সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে তারা ট্রাকের সামনের অংশে পেট্রোল ছুঁড়ে আগুন ধরিয়ে দেন। চালকের চিৎকারে অন্যান্যরা গাড়ি থামালে অবরোধকারীরা পালিয়ে যান। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
মামলার বাদী উজ্জল বৈদ্য জানান, আগুন দেওয়ার ঘটনায় যন্ত্রাংশ পুড়ে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
.png)
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।