ফরিদপুরে তুরাগ হত্যা, প্রধান আসামি গ্রেফতার
ফরিদপুরের অম্বিকাপুরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে নিহত অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান নূর তুরাগ হত্যা মামলার প্রধান আসামি টিপু খাঁকে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার রাত দেড়টার দিকে সদর উপজেলার করিমপুর হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার টিপু খাঁ সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদীর হালিম খাঁর ছেলে।
র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইক আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টিপুকে গ্রেফতার করা হয়।
.png)
গত ১১ অক্টোবর খুন হন তুরাগ। তিনি শহরের উত্তর আলীপুরের মো. আলাউদ্দিন হাওলাদারের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে ডেকে নিয়ে অম্বিকাপুরের গোবিন্দপুর এলাকার একটি মেহগনি ও কলা বাগানে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় আলাউদ্দিন হাওলাদার বাদী হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় মো. টিপুসহ ৭ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত তুরাগ রাজেন্দ্র কলেজে অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন। তবে মাদক চক্রে জড়িয়ে তার লেখাপড়ায় ছেদ ঘটে। একই এলাকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি।