ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে জোড়া হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ৮ নভেম্বর ২০২৩
যশোরে জোড়া হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড
দণ্ডপ্রাপ্ত বিপ্লব ওরফে বিপুল এবং মুকুল খান- ফাইল ফটো

যশোরের চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর গ্রামের আইয়ুব খান ও ইউনুস খান জোড়া হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকার পক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- টেঙ্গুরপুর গ্রামের আবজেল খানের ছেলে বিপ্লব ওরফে বিপুল ও মুকুল খান। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- তাদের অপর ভাই বিল্লাল খান ও তার স্ত্রী রূপালী বেগম।

Advertisement

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ এপ্রিল রাত ১০টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ইউনুস খান। কাজের লোক (কামলা) ঠিক করা নিয়ে প্রথমে ইউনুস খানের সঙ্গে দোকানি মুকুলের কথা কাটাকাটি হয়। এ সময় ইউনুসকে মুকুল, বিল্লাল, বিপুল ও রুপালি বেগম মারপিট করেন। পরবর্তীতে ইউনুস খান বাড়িতে গিয়ে তার ভাই আইয়ুব খাঁ ও ভাতিজা আসাদুজ্জামান খানসহ মুকুলের দোকানে এসে তার প্রতিবাদ করতে যান। এ সময় মুকুল তার ভাই বিপুল, বিল্লাল ও রূপালি বেগম মিলে ইউনুস খান ও তার ভাই আইয়ুব খান এবং আসাদুজ্জামান খানকে গাছি দা ও বঁটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ইউনুস খান, আইয়ুব খান ও আসাদুজ্জামান খান গুরুতর জখম হন।

পরে তাদেরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইউনুছ আলী খান এবং আয়ূব আলী খানকে মৃত ঘোষণা করেন। আসাদুজ্জামান খানের মাথায় ও হাতে গুরুতর জখম হয়। এ ঘটনায় আইয়ুব খানের মেয়ে সোনিয়া খান বাদী হয়ে চার জনের নামে মামলা করেন। পরবর্তীতে এ মামলায় এজাহারভুক্ত চার আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ।

মামলার সরকারপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক চার আসামির মধ্যে মুকুল খান ও বিপ্লব ওরফে বিপুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একইসঙ্গে অপর দুই আসামি বিল্লাল খান ও তার স্ত্রী রূপালী বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!