ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় আমন ধান কাটা-মাড়াই শুরু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ৩০ নভেম্বর ২০২৩
নওগাঁয় আমন ধান কাটা-মাড়াই শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় শুরু হয়েছে আমন ধান কাটা-মাড়াই। হাটে নতুন আমন ধানের সরবরাহ বেড়েছে। নতুন ধানের দাম কমলেও বেড়েছে পুরোনো ধানের দাম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে- চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯৬ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। যা থেকে ৯ লাখ ৭ হাজার ৫২৫ মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের।

বৃহস্পতিবার ছিল জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরি হাট। হাটে নতুন জাতের আমন ধান স্বর্ণা-৫ ও জাত ৪৯ বিক্রি হয়েছে এক হাজার ৫০ টাকা থেকে এক হাজার ৮০ টাকা, জাত ৫১ বিক্রি হয়েছে এক হাজার ৩০ টাকা থেকে এক হাজার ৪০ টাকা এবং জাত ৯০ বিক্রি হয়েছে এক হাজার ২০০ টাকা মণ দরে। 

Advertisement

হাটে নতুন জাতের ধানের সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে মণে কমেছে ৮০-১০০ টাকা। অপরদিকে মৌসুমের শেষ সময় হওয়ায় পুরনো ধানের সরবরাহ কম হওয়ায় সপ্তাহের ব্যবধানে মণে ১৫০-২০০ টাকা বেড়েছে। কাটারি ও জিরাশাইল ধান বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকা মণ দরে। এ দিন হাটে প্রায় দুই হাজার ৫০০ মণের মতো বেচাকেনা হয়েছে। যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

উপজেলার বড়মহেষপুর গ্রামের কৃষক মানিক বলেন, এক হাজার ৭০ টাকা মণ হিসেবে ১১ মণ বিক্রি করলাম। গত এক সপ্তাহ আগে এ ধান মণে ১০০ টাকা বেশি ছিল। হাটে নতুন ধানের সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। শ্রমিকদের মজুরি, আলু ও সরিষার আবাদ করার জন্য ধান বিক্রি করতে বাধ্য হলাম। আর ব্যবসায়ীদের সিন্ডিকেটে ধানের দাম কম-বেশি হয়ে থাকে।

কৃষক অতুল কবিরাজ বলেন, ৪৯ জাতের ১৬ মণ ধান এক হাজার ৭০ টাকায় বিক্রি করেছি। এ বছর আমনের আবাদ করতে বিঘাপ্রতি ১২-১৪ হাজার টাকা খরচ হয়েছে। আর ফলন হয়েছে ১৫-১৬ মণ। এছাড়া শ্রমিক খরচ, কীটনাশক ও সারের দাম বৃদ্ধি ধান উৎপাদনে খরচ বেড়েছে। যদি এক হাজার ৩০০ টাকা মণের নিচে ধান বিক্রি হলে লোকসান গুণতে হবে।

ধান ব্যবসায়ী জামান হোসেন বলেন, হাটে নতুন ধানের সরবরাহ বেড়েছে। নতুন ধানে ময়েশ্চার কম ও মরা ধান রয়েছে। এ ধান থেকে চাল উৎপাদন করলে কিছুটা ঘাটতি হবে। এ কারণে ব্যবসায়ীরা কিছুটা কম দামে ধান কিনছে। আবার কৃষকের গোলায় পুরোনো ধান এখন শেষ পর্যায়ে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!