ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজমিস্ত্রি থেকে ইমো হ্যাকার, ৬ মাসে আয় ৮ লাখ টাকা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৯, ৪ ডিসেম্বর ২০২৩
রাজমিস্ত্রি থেকে ইমো হ্যাকার, ৬ মাসে আয় ৮ লাখ টাকা
ছবি: সংগৃহীত

মেহেরপুরে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার মামলায় দুই ইমো হ্যাকারকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

রোববার (৩ ডিসেম্বর)  বিকেলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপ-পরিদর্শক অরুণ কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সাহায্যে নাটোরের লালপুর উপজেলার মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার বিলমারি গ্রামের সিদ্দিক প্রামাণিকের ছেলে কিরণ আলী ও একই উপজেলার বৈদ্যনাতপুর গ্রামের মণ্ডলপাড়া এলাকার রাকিবুল ইসলামের ছেলে বিজয় ইসলাম। তারা পেশায় রাজমিস্ত্রি।

Advertisement

এর আগে, মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের সৌদিপ্রবাসী নাজমুল ইসলামের ইমো হ্যাক করে স্ত্রী মাহবুবা সুলতানার মোবাইলে কল দিয়ে প্রতারণার মাধ্যমে ৩ লাখ ১২ হাজার টাকা হাতিয়ে নেয় এই প্রতারকরা। এ ঘটনায় একটি মামলা করেন প্রবাসীর স্ত্রী মাহবুবা সুলতানা।  

গ্রেফতারকৃত কিরণ আলী বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করতাম। বিগত ৬ মাস ইমো হ্যাকের এই প্রতারণার কাজ করছি। ছয়মাসে প্রায় ৭-৮ লাখ টাকা আয় করেছি। নিজের এলাকায় ২ বিঘা জমি কিনেছি।  

গ্রেফতারকৃত বিজয় ইসলাম বলেন, আমি পড়াশোনার পাশাপাশি ইমো হ্যাক করে থাকি। দুইমাস এই কাজ করছি। আমি প্রায় ২ লাখ টাকা আয় করেছি।

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি সাইফুল আলম।

তিনি বলেন, ইমো হ্যাকার এই প্রতারকচক্রটি তৃতীয় পক্ষ অ্যাপস ব্যবহার প্রথমে সৌদিপ্রবাসী নাজমুল ইসলামের ইমো হ্যাক করে তার স্ত্রী মাহবুবা সুলতানার মোবাইল নম্বর সংগ্রহ করে। পরে তার আকামা ও মেয়াদ শেষ হওয়ার কথা বলে মাহবুবার কাছ থেকে ৩ লাখ ১২ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় প্রতারিত মাহবুবা সুলতানা বাদী হয়ে মামলাটি করেন। গ্রেফতারকৃতদের রোববার বিকেলেই আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!