চুয়াডাঙ্গায় ভ্যানচালককে চাপা দিয়ে মারল মাইক্রোবাস
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক বৃদ্ধ হারেজ আলী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদা সড়কের উজিরপুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক দামুড়হুদার বিষ্ণপুর গ্রামের উত্তর পাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে ভ্যানচালক হারেজ আলী বিষ্ণপুর গ্রাম থেকে উজিরপুর মাদরাসার এক ছাত্রীকে মাদরাসায় নিয়ে আসেন। ওই ছাত্রীকে মাদরাসায় নামিয়ে দিয়ে ভ্যান ঘুরানোর সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস হারেজ আলীকে চাপা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন ও মাদরাসার শিক্ষকরা ভ্যানচালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবীর জানান, ঘাতক মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত (দুপুর ১২টা) কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।