ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নড়াইলে মানবপাচার মামলায় শাকিল ৩ দিনের রিমান্ডে

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ১৩ ডিসেম্বর ২০২৩
নড়াইলে মানবপাচার মামলায় শাকিল ৩ দিনের রিমান্ডে
অভিযুক্ত শাকিল- ছবি: সংগৃহীত

একাধিক মানবপাচার মামলার প্রধান আসামি নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামের শাকিল হোসেনের (৩৭) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনা মেট্রোপলিটন আদালত-৪ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন। বুধবার থেকে রিমান্ড শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনার হরিণটানা থানার এসআই রফিকুল ইসলাম।

এদিকে, গত ৬ ডিসেম্বর রাতে কালিয়া পুলিশের সহযোগিতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে শাকিলকে গ্রেফতার করে হরিণটানা পুলিশ। শাকিল চাঁচুড়ী গ্রামের ছাব্বির রহমান মনু মোল্যার ছেলে। তার বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার কদমতলা গ্রামের খাজা মিয়া শেখের মেয়ে মিতা খানমকে ফ্রান্সে পাঠানোর কথা বলে ভারতে পাচারের অভিযোগ ওঠে। পরে গত ৬ ডিসেম্বর হরিণটানা থানায় পাঁচ আসামির বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা খাজা মিয়া।

এ মামলার অন্য আসামিরা হলেন- নড়াইলের চাঁচুড়ী গ্রামের রাজিবুল ইসলাম রাজিব, রাকিবুল ইসলাম রাতুল, মমিনুল ইসলাম সাগর ও পিয়ারী বেগম। ভুক্তভোগী খাজা মিয়ার পরিবার হরিণটানা থানা এলাকায় ভাড়া থাকা অবস্থায় মিতা খানম পাচারের শিকার হন।

একাধিক ভুক্তভোগী জানান, শাকিল সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতা। গ্রামের সহজ-সরল নারীদের বিদেশ নেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে দেন।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনার হরিণটানা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী মিতা খানমকে উদ্ধার, এজাহার নামীয় পলাতক আসামিদের গ্রেফতারসহ মামলাটি তদন্তের জন্য শাকিলের বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!