ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝোপ থেকে বেরিয়ে কামড়াচ্ছে অচেনা প্রাণী, নারীসহ আহত ১২

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ১৪ ডিসেম্বর ২০২৩
ঝোপ থেকে বেরিয়ে কামড়াচ্ছে অচেনা প্রাণী, নারীসহ আহত ১২
অচেনা প্রাণীর আক্রমণে আহত ভুক্তভোগীরা

অজ্ঞাত এক প্রাণীর আক্রমণে নারী-পুরুষসহ ১২ জন আহত হয়েছেন। বুধবার জামালপুরের মেলান্দহ উপজেলার সাধুপুর ও ২নং চর এলাকায় দুপুর ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত প্রাণীর আক্রমণে ১২ জন নারী-পুরুষ এবং দুটি গরু ও একটি ছাগল আহত হয়। 

এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে আহতরা সবাই জামালপুর জেনারেল হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়েছেন।

আহতরা হলেন- ২নং চর এলাকার আবু তালেব (৩৫), রোকেয়া বেগম (৩৫), ইদ্রিস আলী (৫০), আজিম (১৩), লাল বাদশা (৪৫) সাধুপুর এলাকার জুব্বার শেখ (৪৫), রাসেল রানা (২২), স্বপন মিয়া (১১), রহিমা বেগম (৩৫), সুজানা বেগম (৩৫), আছি বেগম (৫০) এবং ফকির শেখ (৬০)।

স্থানীয়রা জানায়, ২নং চর এলাকায় দুপুর ২টা থেকে হঠাৎ করে ভুট্টা ক্ষেত থেকে একটি ‘অচেনা’ প্রাণী বের হয়ে আক্রমণ শুরু করে। প্রাণীটি ২নং চর এলাকায় বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকে। এ সময় ওই প্রাণীর সামনে যে পড়েছে তার ওপরই আক্রমণ করেছে।

রাত সাড়ে ৭টার দিকে সাধুপুর এলাকায় অচেনা প্রাণীটি আবারো বের হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। একপর্যায়ে এটি একটি বাড়ির গোয়াল ঘরে ঢুকে পড়ে। গোয়ালঘর থেকে বের হয়ে ঘরের ভেতরে ঢুকে দু-জনকে আক্রমণ করে। পরে ওই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আরো কয়েকজনকে আক্রমণ করে।

আক্রমণে আহত রাসেল বলেন, সন্ধ্যার পরপরই কাজ শেষ করে আমরা তিনজন একসঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলাম। আমি তিনজনের মধ্যে ছিলাম। পেছনে থেকে আমার পায়ে কামড়ে দেয়। প্রাণীটিকে ঠিক চিনতে পারিনি। আমার পরনে দুটি প্যান্ট ছিল, তার ওপর দিয়ে কামড় দিয়ে প্যান্ট ছিঁড়ে ফেলছে।
 
আহত রহিমা বেগম বলেন, নামাজ পড়তে বসেছি, নামাজ প্রায় শেষ। এ সময় ঘরের ভেতরে ওই প্রাণীটি ঢুকে পড়ে। আমি ভাবছিলাম অন্য কোনো কিছু। এরমধ্যে আমাকে এসে কামড় দেওয়া শুরু করে। আমি ঠিকমতো সালাম ফেরাতেও পারিনি, এর আগেই কামড় দিয়ে চলে যায়।

ঘটনার পর থেকে রাতভর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন সারারাত যার যার ঘরে লাঠি সোটা নিয়ে বসে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাণীটি দেখতে শিয়ালের মতো। মাথা ও লেজ ছোট। এটি ঝোপ-জঙ্গল, ভুট্টার জমি থেকে হঠাৎ বেরিয়ে আক্রমণ করছে।

শেরপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মুঞ্জুরুল ইসলাম বলেন, ঘটনাটি আপনার মাধ্যমে জানলাম। খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা একে এম লুৎফর রহমান বলেন, ঘটনাটি আমি ফেসবুকে দেখেছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন বিভাগকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!