ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুতের খুঁটি পড়ে প্রাণ গেল শিশুর

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ১৯ ডিসেম্বর ২০২৩
বিদ্যুতের খুঁটি পড়ে প্রাণ গেল শিশুর
ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় বিদ্যুতের খুঁটি পড়ে তুহিন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদি পারুল বেগম (৫৮)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে কর্ণহার থানার চানপুর বাকশৈল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কর্ণহার থানার ওসি কমল কুমার দেবনাথ জানান, সকালে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন বিদ্যুতের তারের ওপর থেকে গাছপালার ডাল অপসারণ করছিলেন। এ সময় একটি বড় গাছের ডাল তারের ওপর পড়ে। এতে তারে টান পড়ে তিনটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। ঐ খুঁটি তিনটির একটি গিয়ে পড়ে শিশু তুহিন ও তার দাদি পারুল বেগমের শরীরের ওপর। এ সময় তারা গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তুহিনকে মৃত ঘোষণা করা হয়। তার দাদি পারুল বেগম এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরো জানান, তিনি নিহত শিশুর স্বজনদের সঙ্গে কথা বলছেন। তারা মামলা করলে তা নেয়া হবে। মামলা না করলে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

Advertisement

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রমেন্দ্র চন্দ্র রায় জানান, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তারের ওপর থেকে গাছের ডালপালা ছাঁটা হচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। তারা সবকিছু দেখছেন। কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!