ফিরে দেখা ২০২৩: ফরিদপুরে আলোচিত যত ঘটনা
জীবন পঞ্জিকা থেকে হারিয়ে গেছে ২০২৩ সাল। এখন ২০২৪ সাল। নতুন বছর মানে নতুন কিছু ভাবনা, নতুন কিছু আশা। এ নিয়েই জীবন শুরু। তবে ফেলে আসা বছরে কিছু ঘটনা ভোলার নয়। নিচে ২০২৩ সালে ফরিদপুরের আলোচিত কিছু ঘটনা তুলে ধরা হলো।
বাবা-ছেলেকে আটকে নির্মম নির্যাতন:
২০২৩ সালের মার্চ মাসে ফরিদপুরের মধুখালী উপজেলায় স্কুলের শ্রেণিকক্ষে আটকে ১৫ বছর বয়সী এক কিশোর ও তার বাবাকে নির্মম নির্যাতন করা হয়। পরে নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ ঘটনায় কুতুবউদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ভিডিওতে অভিযুক্ত কুতুবউদ্দিনের সঙ্গে তার স্কুলশিক্ষিকা বোনকেও দেখা যায় নির্যাতনকারীদের সঙ্গে অংশ নিতে।
চুরির অপবাদ দিয়ে ৭ জুন দুই শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফরিদপুরের বোয়ালমারীর গুনবহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল শেখের বড় ভাই নজরুল শেখের একটি টিউবয়েল সম্প্রতি চুরি হয়। এ ঘটনার জের ধরে ইউপি সদস্য নাজমুল শেখ (৩৯), তার ভাই নজরুল শেখ (৪৩) ও একই গ্রামের হাসান খন্দকার (৩৫) নামে তিন ব্যক্তি স্যালো মেশিনের টিউবওয়েল চুরির অপবাদে সুমন শেখ (৯) এবং সৌরভ আলী (১০) নামে দুটি শিশুর পায়ে শিকল বেঁধে মঙ্গলবার (৬ জুন) দুপুরে স্থানীয় নাজমুল মেম্বরের ধানের চাতালে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে শুইয়ে বেধড়ক পেটান।
জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড:
১৪ মে ফরিদপুরের বাখুন্ডায় জোবায়দা করিম জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মিলের চারটি শেডই পুড়ে যায়।
সিলিন্ডার বিস্ফোরণে একইসঙ্গে সাতজন নিহত:
ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে সাতজন নিহত হন। এ সময় আহত হন আরো বেশ কয়েকজন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী, দুইজন শিশু ছিল। ২৪ জুন দুপুরে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেস সড়কে মালিগ্রাম ফ্লাইওভার ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
‘দাফনের’ পাঁচদিন পর জীবিত ফিরলেন গৃহবধূ:
ফরিদপুরের সদরপুরে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর লাশ উদ্ধার এবং দাফন করার পাঁচদিন পর হাসি বেগম (২৪) নামে এক গৃহবধূকে জীবিত উদ্ধারের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঐ বছরের ২৫ সেপ্টেম্বর সদরপুর পুলিশ ময়মনসিংহের নান্দাইল থেকে হাসি বেগমকে আটক করে সদরপুর থানায় নিয়ে আসে। এর আগে, গত ৭ সেপ্টেম্বর হাসি বেগম নিখোঁজ হন। গত ২০ সেপ্টেম্বর তার পরিবারের তত্ত্বাবধানে শৌলডুবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাইকে ঘোষণা দিয়ে ব্যান্ডপার্টি বাজিয়ে ২ ইউনিয়নবাসীর সংঘর্ষ:
ফরিদপুরের ভাঙ্গায় মাইকে ঘোষণা দিয়ে ব্যান্ড পার্টির বাদ্য বাজিয়ে দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘট। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। ২৪ আগস্ট উপজেলার শিমুলবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঐদিন সকাল ১০টার দিকে শিমুলবাজার এলাকার আশপাশে থেকে শুরু হওয়া সংঘর্ষ দুপুর ১২টা পর্যন্ত চলে। পরে পুলিশ তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
স্কুলছাত্রীকে অপহরণের সময় ৩ যুবককে গণপিটুনি:
ফরিদপুর শহরের উপকন্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন স্কুলের ছাত্রীকে অপহরণকালে তিন যুবক গণপিটুনির শিকার হন।
১৬ অক্টোবর সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপহরণকারীদের ব্যবহৃত মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে পুরো জেলাজুড়ে আলোচনা সৃষ্টি হয়।
ফরিদপুর-ঢাকা সরাসরি রেল চলাচল শুরু:
২০২৩ সালের ২ নভেম্বর ফরিদপুরের সঙ্গে ঢাকার বাণিজ্যিকভিত্তিতে রেল চলাচল শুরু হয়। এর মাধ্যমে ফরিদপুরের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি রেল যোগাযোগ চালু হয়।
এ অঞ্চলের মানুষের আগে ঢাকায় গিয়ে দিনে দিনে ফিরে আসা খুব সমস্যা হয়ে যেত। এখন রেলব্যবস্থা থাকার কারণে মানুষ খুব সহজেই দিনে দিনে কাজ শেষ করে চলে আসতে পারছে।