বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি। এর আগে, বুধবার রাতে বিমানবন্দর সড়ক থেকে তাদের আটক করা হয়।
খন্দকার মুনিফ তকি বলেন, বিদেশ থেকে সোনার একটি চালান অবৈধভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে চট্টগ্রামে প্রবেশ করবে- এমন তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে বিমানবন্দর টু পতেঙ্গা সড়কের সিসিএমসির সামনে চেকপোস্ট বসানো হয়।
.png)
একপর্যায়ে একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে মাইক্রোবাসটিকে থামানো হয়। এরপর মাইক্রোবাসের সিটের ভেতর অভিনব কায়দায় লুকানো সোনার ৫০টি চুড়ি ও ৪৯টি আংটি (সর্বমোট এক হাজার গ্রাম), একটি ল্যাপটপ, ১৯টি মোবাইল ফোন এবং ১৬ কার্টুন ডানহিল সিগারেট উদ্ধারের পাশাপাশি তিন পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরো বলেন, পাচারকারীরা সবাই চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সোনা পাচার কাজের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত সোনা ও অন্যান্য মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা নিতে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষের কাছে এবং আটককৃতদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।